ছোট ছেলে বিক্রম বিশ্বাসের বয়স তখন মাত্র ২৯ দিন। এত ছোট শিশুকে নিয়ে তাই গত বছর পূজামণ্ডপে ঘুরতে বের হওয়া সম্ভব হয়নি নয়নী সোমের। এবার স্বামী বিনয় বিশ্বাস, তিন বছর বয়সী বড় ছেলে রামকৃষ্ণ বিশ্বাস ও এক বছর বয়সী বিক্রমকে নিয়ে বনানী পূজামণ্ডপে এসেছেন তিনি।আজ শুক্রবার বিকেলে রাজধানীর বনানী পূজামণ্ডপে কথা হয় নয়নীর সঙ্গে। এবার দুই সন্তানকে সঙ্গে নিয়ে পূজার আনন্দ ভাগ করে নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
জানালেন, তাঁর কাছে এবারের পূজা বিশেষ আনন্দের।কথা বলতে বলতে দুই সন্তানের দিকে তাকিয়ে নয়নী সোম বললেন, ‘এ বছর দুই ছেলেকে নিয়ে পূজায় আসতে পেরে খুব ভালো লাগছে। গত বছর ছোটটা একদম ছোট ছিল, তাই বের হতে পারিনি। এবার পরিবারের সবাই মিলে ঘুরছি, তাদের সঙ্গে নতুন স্মৃতি তৈরি হচ্ছে, ছবি তুলছি—সব মিলিয়ে এবারের পূজার আনন্দ অন্য রকম।’নয়নী সোমদের বাসা বাড্ডায়।
স্বামী বিনয় বিশ্বাস একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।আজ বিকেলে রাজধানীর বনানী পূজামণ্ডপে গিয়ে দেখা যায়, দেবী দুর্গার প্রতিমা দর্শনে ভিড় করছেন নানা বয়সী মানুষ।
সূত্র: প্রথম আলো