কুমিল্লার দেবীদ্বারে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ভানী ইউনিয়নের আসাদনগর গ্রামের পূর্বপাড়া ভূঁইয়াবাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো ওই গ্রামের ইলেকট্রিশিয়ান বিল্লাল হোসেন ভূঁইয়ার মেয়ে সামিয়া (৯) ও সানিয়া (৭)। তারা স্থানীয় আসাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
সামিয়া তৃতীয় শ্রেণিতে এবং সানিয়া প্রথম শ্রেণিতে পড়ত।দুপুর সাড়ে ১২টার দিকে শিশু দুটির চাচাতো চাচা হুমায়ুন কবির ওই পুকুরে গোসল করতে নামেন। এ সময় পানির নিচে তাঁর পায়ে কিছু একটার স্পর্শ লাগলে তুলে দেখেন সামিয়ার নিথর দেহ। পরে পুকুরে তল্লাশি চালিয়ে সানিয়াকেও উদ্ধার করা হয়। এরপর স্থানীয় লোকজন দুই বোনকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান শুক্রবার রাত ১১টার দিকে বলেন, তিনি সাংবাদিকের কাছ থেকে ঘটনাটি শুনেছেন।
সূত্র: প্রথম আলো