ক্রিকেটে কত রঙের বল! টেস্ট ক্রিকেটে লাল বল, ওয়ানডে ও টি–টুয়েন্টিতে সাদা। এরপর এসেছে গোলাপি বলও। দিনরাতের টেস্টে এই গোলাপি বল এখন আর নতুন কিছু নয়। কিন্তু দিনের বেলার টেস্টে গোলাপি বল? ক্রিকেটের সবচেয়ে পুরোনো সংস্করণে এমন ভাবনাটাই এখন নতুন বিতর্কের জন্ম দিয়েছে।সম্প্রতি শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার ডারবানে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টে সেই বিতর্ক আরও জোরালো হয়েছে।
কারণ, সেখানে ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে উঠেছিল প্রকৃতি। আলোর স্বল্পতায় বারবার খেলা বন্ধ হয়েছে। ক্রিকেটাররা মাঠ ছেড়েছেন, দর্শকেরা অপেক্ষা করেছেন। অথচ এই সমস্যার একটা সমাধান আগেই দিয়ে রেখেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।সেটি হলো, দিনের বেলার টেস্টেও গোলাপি বল ব্যবহার করা যাবে। তবে শর্ত আছে। ম্যাচ শুরুর আগেই দুই দলকে এ ব্যাপারে একমত হতে হবে।
একবার গোলাপি বল ব্যবহারের সিদ্ধান্ত নিলে পুরো ম্যাচই সেই বলে খেলতে হবে।
সূত্র: প্রথম আলো