জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৬ থেকে ২০তম গ্রেডের বিভিন্ন প্রশাসনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে আংশিক সংশোধনী আনা হয়েছে। ১৩ অক্টোবর প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগের ১০০টি পদের স্থলে মোট পদসংখ্যা ১টি কমে ৯৯টিতে দাঁড়িয়েছে। এতে ২৩ সেপ্টেম্বর বিজ্ঞাপিত দুটি মেডিক্যাল অফিসার পদের সংখ্যা কমিয়ে একটি নির্ধারণ করা হয়েছে। ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী এসব পদে নিয়োগ দেওয়া হবে।
সংশোধিত বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমাও বাড়ানো হয়েছে। অনলাইনে আবেদন করার শেষ সময় পিছিয়ে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত করা হয়েছে, যা আগে ১৮ অক্টোবর ছিল। এছাড়া অনলাইনে আবেদন শেষে ডাউনলোডকৃত ফরম ও পেমেন্ট রসিদসহ হার্ডকপি রেজিস্ট্রার অফিসে জমা দেওয়ার শেষ তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে ১ নভেম্বর ২০২৬।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের ওয়েবসাইটে প্রোফাইল তৈরি করে সংশ্লিষ্ট পদের জন্য পৃথকভাবে আবেদন করতে হবে। ১ থেকে ১০ নম্বর পদের জন্য আবেদন ফি ৬০০ টাকা, ১১ থেকে ১৭ নম্বর পদের জন্য ৩০০ টাকা এবং ১৮ থেকে ৩৯ নম্বর পদের জন্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। যেসব পদের জন্য পুনরায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেগুলোতে পূর্বে আবেদনকারীদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই।
সূত্র: প্রথম আলো