‘আমার ভাগনে–ভাগনি ছয়জন মারা গেছে। আমার তিন বোন। আমি একমাত্র ভাই। আমার তিন বোনের পাঁচ ছেলে–মেয়ে মারা গেছে। বড় ভাগনিরও বাচ্চা মারা গেছে। ওরা ৯ জন বেড়াতে এসেছিল। তিনজন বেঁচে আছে।’কান্নাজড়িত কথাগুলো বলছিলেন আমিনুল ইসলাম। তিনি রাজধানীর ঢাকার বাসিন্দা। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতে কাঠের তৈরি টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় তাঁর পরিবারের ছয়জন নিহত হয়েছেন।
এ খবর শুনে তিনি ঢাকা থেকে উড়োজাহাজে কক্সবাজারে এসেছেন।আজ বেলা দুইটার দিকে কক্সবাজার সদর হাসপাতালে আমিনুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘আজ সকাল সাড়ে ১০টার দিকে সবার ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল। গত বৃহস্পতিবার তারা বেড়াতে কক্সবাজার এসেছিল। সকালে যখন আগুন লেগেছিল, তখন তাদের দুজন বাইরে ছিল। এরপর তারাই আমাকে খবর দিয়েছে।’কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতে যে রিসোর্টে আগুন লেগেছে, এর নাম টুপটুপ।
আজ বেলা সোয়া দুইটায় ফায়ার সার্ভিসের কক্সবাজারের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন প্রথম আলোকে এ ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র: প্রথম আলো