এক দশকের ব্যবধানে দেশের ওষুধ খাতের কোম্পানি রেনাটার ব্যবসা তিন গুণের বেশি বেড়েছে। প্রথমবারের মতো কোম্পানিটির ব্যবসা সাড়ে ৪ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। গত ২০২৫-২৬ অর্থবছর শেষে রেনাটা ব্যবসা করেছে ৪ হাজার ৬২০ কোটি টাকার। ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটির ব্যবসা প্রথমবারের মতো ৪ হাজার কোটি টাকা ছাড়িয়েছিল। এবার তা আরও বেড়ে সাড়ে ৪ হাজার কোটি টাকা ছাড়াল।
কোম্পানিটির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ কোম্পানি রেনাটার পরিচালনা পর্ষদের সভা আজ শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়। সেই সভায় গত অর্থবছরের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি একই সভা থেকে গত অর্থবছরের জন্য লভ্যাংশের ঘোষণা দেওয়া হয়। কোম্পানিটি শেয়ারধারীদের ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।
অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে সাড়ে ৫ টাকা লভ্যাংশ পাবেন শেয়ারধারীরা।রেনাটার গত ১০ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, ২০১৫ সালে কোম্পানিটি আয় বা ব্যবসা করেছিল ১ হাজার ৪৭৪ কোটি টাকার।
সূত্র: প্রথম আলো