হলিউডে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অস্কার মনোনয়ন পাওয়া মার্কিন অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। সম্প্রতি যৌন দৃশ্যের আধিক্য থাকায় একটি সিরিজে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। অভিনেত্রীর ভাষায়, অপরিচিত কারও সঙ্গে নগ্ন হয়ে অভিনয় করার ঝামেলায় তিনি এখন আর যেতে চান না। ৪০ বছর বয়সী আমান্ডা এ কথা বলেন যুক্তরাষ্ট্রের হ্যাম্পটনস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত এক আলোচনায়।
৪ অক্টোবর অনুষ্ঠিত ওই আলোচনার সঞ্চালক ছিলেন অভিনেতা অ্যালেক বল্ডউইন। সেখানে অভিনয়জীবনে রোমান্টিক ও অন্তরঙ্গ দৃশ্যে কাজ করার অভিজ্ঞতা এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এ বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গির পরিবর্তন নিয়ে কথা বলেন ‘মামা মিয়া!’ তারকা।অভিনয় পেশার অদ্ভুত দিক তুলে ধরে আমান্ডা বলেন, ‘আমাদের কাজগুলো অদ্ভুত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিষয়টা আরও অদ্ভুত লাগছে।
যাঁদের সঙ্গে আমাদের বাস্তবে কোনো রোমান্টিক সম্পর্ক নেই, পর্দায় তাঁদের সঙ্গেই রোমান্টিক আচরণ করতে হয়।’কখনো এ ধরনের দৃশ্য উপভোগ করেছেন, আবার কখনো অস্বস্তিতে পড়েছেন, দুই অভিজ্ঞতার কথাই তুলে ধরেন আমান্ডা।
সূত্র: প্রথম আলো