ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে। তবে চীন ও ভিয়েতনামের রপ্তানি বেড়েছে। এতে প্রতিযোগী দেশ দুটির তুলনায় ইইউকে পোশাক রপ্তানিতে কিছুটা পিছিয়ে পড়েছে বাংলাদেশ।চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে প্রায় ১২ শতাংশ। এর বিপরীতে চীনের রপ্তানি বেড়েছে ২ দশমিক ৩৮ শতাংশ, আর ভিয়েতনামের বেড়েছে ৪ দশমিক ৪৬ শতাংশ।
যদিও এই সময়ে বাংলাদেশের মতো তুরস্ক ও ভারতের পোশাক রপ্তানিও কমেছে।ইইউর পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের হালনাগাদ পরিসংখ্যানে এমন তথ্যই উঠে এসেছে। এতে দেখা যায়, চলতি বছরের প্রথম আট মাসে ইইউর মোট পোশাক আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৮৩ শতাংশ কমে ৬ হাজার ২৯ কোটি ইউরোতে দাঁড়িয়েছে।
চলতি বছরের প্রথম আট মাসে ইইউর ক্রেতা প্রতিষ্ঠান সামগ্রিকভাবে তৈরি পোশাক আমদানি যতটুকু কমিয়েছে, তার তুলনায় বাংলাদেশের রপ্তানি কমেছে প্রায় তিন গুণ।গত জানুয়ারি থেকে আগস্টে ইইউতে বাংলাদেশ ১ হাজার ১৯৩ কোটি ইউরোর তৈরি পোশাক রপ্তানি করেছে।
সূত্র: প্রথম আলো