ছাড়পত্র ছাড়াই রিসোর্ট পরিচালনা বন্ধ করতে গত এপ্রিলে কক্সবাজারের মেরিন ড্রাইভ–সংলগ্ন টুপটুপ রেস্টুরেন্ট ও রিসোর্টকে নোটিশ দিয়েছিল পরিবেশ অধিদপ্তর। নির্দেশনা না মানায় তাদের এক লাখ টাকা জরিমানাও করা হয়।
কাঠের অবকাঠামোয় তৈরি এই রিসোর্টে আজ শনিবার সকালে আগুন লেগে ১০ জন পর্যটকের মৃত্যু হয়েছে।মেরিন ড্রাইভ–সংলগ্ন এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া রিসোর্ট ও রেস্টুরেন্টের কার্যক্রম পরিচালনা করায় আরও ২৬টি রিসোর্ট ও ১০টি রেস্টুরেন্টকে এ বছরের এপ্রিল থেকে নানা সময়ে নোটিশ দিয়েছিল পরিবেশ অধিদপ্তর। এর মধ্যে নোটিশ অমান্য করায় জরিমানা করা হয় ১৪টি রিসোর্টকে। মামলা করা হয় দুটি রিসোর্টের বিরুদ্ধে।
বাকি ১০টিকে নোটিশ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের কর্মকর্তারা বলছেন, ১৯৯৯ সালে মেরিন ড্রাইভ–সংলগ্ন সৈকত এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন (ইসিএ) এলাকা ঘোষণা করে সরকার।
সূত্র: প্রথম আলো