‘সকাল সাতটার দিকে বিস্ফোরণের মতো বিকট শব্দ শুনে বাড়ি থেকে ছুটে এসে দেখি, রিসোর্টটি দাউ দাউ করে জ্বলছে।’ এভাবেই কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন রিসোর্টে আগুন লাগার দৃশ্যের বর্ণনা দেন স্থানীয় বাসিন্দা মো. আজিজ (৪২)।জালিয়াপালং ইউনিয়নের আনসার-ভিডিপি কমান্ডার আজিজ প্রথম আলোকে বলেন, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে রিসোর্টের ভেতরে থাকা পর্যটকদের কান্নাকাটি ও ছোটাছুটি দেখতে পেলেও তাঁদের উদ্ধারে এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না।
আগুন ও ধোঁয়ার কুণ্ডলীতে ভেতরে প্রবেশ করা কঠিন ছিল। সমুদ্রতীরের খোলা পরিবেশে উত্তর-পশ্চিম দিক থেকে তীব্র বাতাস বইছিল। এতে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। প্রচণ্ড গরমে কাঠ শুকিয়ে যাওয়ায় আগুনের তীব্রতা বাড়ে।
সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই রিসোর্টটির প্রায় ৮০ শতাংশ পুড়ে ছাই হয়ে যায় বলে তাঁর ভাষ্য।আজ শনিবার সকালে কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন মেরিন ড্রাইভ সড়কের পাশে টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ড ঘটে।
সূত্র: প্রথম আলো