রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রধান ফটক দিয়ে ঢুকলে হাতের ডানে দুর্গামন্দির। সেখানে আছে দেবী দুর্গার বড় প্রতিমা। ঢাকঢোল বাজিয়ে প্রতিবছর এখানে দুর্গাপূজা হয়, এবারও হচ্ছে। এটি হচ্ছে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনের দুর্গাপূজা।এর বাইরে ঢাকেশ্বরী মন্দিরে আরেকটি দুর্গাপূজা হয়। সেখানে যেতে হলে মেলাঙ্গন থেকে ‘শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির’ লেখা আরেকটি ফটক পেরোতে হয়।
এরপর খালি পায়ে ঢাকেশ্বরী মন্দিরের মূল প্রাঙ্গণে ঢুকলে এক ফুট উঁচু দুর্গা প্রতিমার দেখা মেলে।মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রায় আট শ বছর আগে এই এক ফুট উচ্চতার প্রতিমাটি ঘিরে ঢাকেশ্বরী মন্দির গড়ে উঠেছিল। ঢাকেশ্বরী মন্দির প্রতিষ্ঠার শুরু থেকেই এখানে দুর্গাপূজা হয়ে আসছে।অন্যান্য প্রতিমার বিসর্জন হলেও ঢাকেশ্বরী মন্দিরের এই এক ফুট উচ্চতার দুর্গা প্রতিমাটি রেখে দেওয়া হয়। বছরজুড়ে প্রতিদিন নিয়ম মেনে সেটার আরাধনা করা হয়।
দুর্গোৎসবের সময় অন্যান্য মন্দির–মণ্ডপে যেমন লগ্ন ধরে দুর্গাপূজা হয়, এক ফুট উঁচু প্রতিমাটির সেভাবেই পূজা করা হয়।গত সোমবার (১২ অক্টোবর) ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে এক ফুট উচ্চতার দুর্গা প্রতিমাটি দেখা গেল।
সূত্র: প্রথম আলো