গিটারের প্রেমে পড়ার শুরুটা কখনো একটি গান শুনেই হয়। চাক বেরির ‘জনি বি. গুড’ তেমনই এক গান। শুরুর বাজনা শুনে গিটারপ্রেমীর মনে হতেই পারে, ইস্ এমন করে যদি বাজাতে পারতাম! তারপর গান যত এগোয়, সেই ইচ্ছার সঙ্গে মিশে যায় এক তরুণের গল্প। লেখাপড়ায় মন ছিল কম, কিন্তু গিটার বাজালে পথচলতি মানুষও থমকে দাঁড়ায়। তাঁর মা স্বপ্ন দেখেন, একদিন ছেলের নাম আলোয় লেখা হবে। গিটার হাতে নিজের চেনা জগৎ ছাড়িয়ে যাওয়ার সেই স্বপ্নই শুনিয়েছিলেন চাক বেরি।
তাঁর জন্মের এক শ বছর পরও গানটি পৃথিবীর কোনো প্রান্তে নতুন কারও হাতে গিটার তুলে নেওয়ার প্রেরণা হয়ে উঠতে পারে। গানটির যাত্রা পৃথিবীতেও থামেনি। ১৯৭৭ সালে উৎক্ষেপিত ভয়েজার ১ ও ভয়েজার ২ মহাকাশযানের গোল্ডেন রেকর্ডে জায়গা পেয়েছে ‘জনি বি. গুড’। পৃথিবীর সংগীতের নমুনা হিসেবে মহাকাশে পাড়ি দিয়েছে চাক বেরির গানও। আজ ১৮ অক্টোবর চাক বেরির জন্মশতবর্ষ। ১৯২৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে জন্ম তাঁর।
পুরো নাম চার্লস এডওয়ার্ড অ্যান্ডারসন বেরি।
সূত্র: প্রথম আলো