ভারত ছাড়ার সরকারি নির্দেশের বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেতা ইমরান খান। ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) তাঁকে ২৮ অক্টোবরের মধ্যে দেশত্যাগের নির্দেশ দিয়েছিল। অভিযোগ, মার্কিন নাগরিক ও ‘ওসিআই’ কার্ডধারী হয়েও তিনি ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন।
আদালতে করা আবেদনে ইমরানের আইনজীবীরা এই নির্দেশকে একতরফা, অসাংবিধানিক ও ক্ষমতার চরম অপব্যবহার বলে দাবি করেছেন। তাঁদের বক্তব্য, ওসিআই কার্ডধারীদের ক্ষেত্রে প্রতিবাদে অংশ না নেওয়ার কোনো শর্ত নেই এবং কোনো বক্তব্য না শুনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো জবরদস্তিমূলক ব্যবস্থা বা লুকআউট নোটিশ জারি না করার আর্জি জানিয়েছেন অভিনেতা। প্রধান বিচারপতি মহেশচন্দ্র ত্রিপাঠির এজলাসে সোমবার এই আবেদনের শুনানি হতে পারে।
এদিকে আদালতে আবেদন জানানোর দিনই এফআরআরও ইমরানকে নতুন একটি শোকজ নোটিশ পাঠিয়ে জানতে চেয়েছে, কেন তাঁর ওসিআই কার্ড বাতিল করা হবে না। ইমরানের আইনজীবী জুলফিকার মেমন জানান, আগে দেশ ছাড়ার নির্দেশ দিয়ে পরে শোকজ পাঠানো কর্তৃপক্ষের প্রক্রিয়ার অসঙ্গতি তুলে ধরে। ৪৪ বছর বয়সী ইমরান খান জন্মসূত্রে মার্কিন নাগরিক এবং অভিনেতা আমির খানের ভাগনে।
সূত্র: প্রথম আলো