হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইনের আঘাতে দুটি তেলবাহী জাহাজে (ট্যাংকার) আগুন লেগেছে বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। জাহাজ দুটির প্রতিটিতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ছিল।ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, গতকাল শনিবার একটি জাহাজ ওই প্রণালি দিয়ে যাওয়ার সময় মাইনের বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। কিছুক্ষণ পর আরেকটি মাইনের আঘাতে দ্বিতীয় জাহাজটিতে আগুন লেগে যায়।
তবে তাৎক্ষণিকভাবে জাহাজ দুটির নাম বা এগুলোতে বহন করা তেলের উৎস সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।ইরনার খবরে দাবি করা হয়, জাহাজ দুটি তাদের রাডার বন্ধ করে দিয়েছিল ও ইরানের অননুমোদিত রুট ব্যবহার করার চেষ্টা করছিল।
আইআরজিসি দাবি করেছে, একটি জাহাজ যুক্তরাষ্ট্রের সহায়তায় প্রণালি পার হওয়ার চেষ্টা করছিল এবং অন্যটি সাগরেই অচল হয়ে পড়ে।গত ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করার পর দেশটি হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
সূত্র: প্রথম আলো