শরৎকালে শুরু হয় বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুষ্টের দমন আর শিষ্টের পালনের চিরন্তন বার্তা নিয়ে দেবী দুর্গার মর্ত্যে আগমন ঘটে। শিল্পীর নিপুণ আঁচড়ে গড়া প্রতিমা আর মণ্ডপে মণ্ডপে ঢাকের আওয়াজ চারপাশকে মুখর করে তোলে। বিশেষ করে ছোটদের উচ্ছ্বাস থাকে সবচেয়ে বাঁধভাঙা।
এই শারদোৎসব কেবল পূজার আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং নতুন পোশাকের উল্লাস, মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানো এবং ভেদাভেদের দেয়াল ভেঙে সবাইকে একই সুতোয় বেঁধে ফেলার এক দারুণ উপলক্ষ।কিন্তু সমাজের পিছিয়ে পড়া ও অসচ্ছল মানুষের কাছে নতুন কাপড় কেনা প্রায়ই অধরা এক স্বপ্ন।
এ ধরনের মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে বিগত বছরগুলোর মতো সিলেট বন্ধুসভা এবারও আয়োজন করেছে ‘রঙিন সুতায় শারদ উৎসব’।নতুন জামা পেয়ে বাচ্চারা খুশিতে মেতে ওঠে১৫ অক্টোবর সিলেটের জৈন্তাপুর এলাকায় পশ্চিমচটি গ্রামে রামকৃষ্ণ মন্দিরে পাত্র সম্প্রদায়ের বিভিন্ন বয়সের অর্ধশত শিশু-কিশোরদের মধ্যে নতুন জামা বিতরণ করেছেন সিলেট বন্ধুসভার সদস্যরা।
সূত্র: প্রথম আলো