উজবেকিস্তানের তাসখন্দে আগামীকাল থেকে শুরু হবে সাত দিনব্যাপী এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে অংশ নিতে গতকাল শনিবার রাতে ছয় খেলোয়াড়ের বাংলাদেশ দলের ঢাকা ছাড়ার কথা ছিল।
কিন্তু দলের পাঁচ খেলোয়াড় বিমানে উঠতে পারলেও বিমানবন্দর থেকে ফিরে আসতে হয়েছে দেশের এক নম্বর র্যাঙ্কিংধারী পুরুষ খেলোয়াড় মুহতাসিন আহমেদকে।বাংলাদেশ দলের সদস্যদের ভিসা–সংক্রান্ত একটি তালিকায় মুহতাসিনের নামের পাশে ‘ক্রস’ চিহ্ন থাকায় ফ্লাইটে উঠতে পারেননি মুহতাসিন। এ বিষয়ে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইদুল হক প্রথম আলোকে বলেন, ‘ভিসার কাগজে মুহতাসিনের নামের ওপর একটি ক্রস মার্ক ছিল।
বিষয়টি নিয়ে আমরা আয়োজকদের সঙ্গে যোগাযোগ করলে তারা জানিয়েছিল, “কোনো সমস্যা হবে না, তাঁর ভিসা হয়ে গেছে।” কিন্তু বোর্ডিং পাস পাওয়ার পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে আটকে দেয়।
সূত্র: প্রথম আলো