প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এ মতামত, রম্য, কার্টুন, প্যারোডি ও রাজনৈতিক সমালোচনার কারণে কাউকে অপরাধী হিসেবে সাব্যস্ত না করার সুপারিশ করেছে সম্পাদক পরিষদ। একই সঙ্গে সাংবাদিকতার সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে গ্রেপ্তার, তল্লাশি ও ডিজিটাল তথ্য-উপাত্তে প্রবেশের আগে আদালতের অনুমোদন নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের মামলা জামিনযোগ্য করার প্রস্তাব দিয়ে আইনটি পুনর্বিবেচনারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।স্বাধীন সাংবাদিকতা, জনস্বার্থে তথ্য প্রকাশ ও বৈধ মতপ্রকাশের সুরক্ষা নিশ্চিত করতে সরকারকে দেওয়া ১২ দফা সুপারিশে এসব প্রস্তাব করেছে সম্পাদক পরিষদ।
আজ রোববার এক বিজ্ঞপ্তিতে সুপারিশগুলোর কথা জানিয়েছে সংগঠনটি।সম্পাদক পরিষদ বলেছে, আইনের কাঠামোতে একদিকে সাইবার অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং অন্যদিকে স্বাধীন সাংবাদিকতা, জনস্বার্থে তথ্য প্রকাশ, বৈধ মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের পেশাগত স্বাধীনতার সুস্পষ্ট সুরক্ষা নিশ্চিত করতে হবে।সম্পাদক পরিষদ মনে করে, প্রস্তাবিত আইন এমন একটি ভারসাম্য প্রতিষ্ঠা করবে, যেখানে সাইবার নিরাপত্তা শক্তিশালী হবে, প্রকৃত অপরাধ কার্যকরভাবে মোকাবিলা করা যাবে।
সূত্র: প্রথম আলো