আবাসনসংকট ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নিয়ে স্পেন ও ফ্রান্সে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ এবার ইতালি ও পর্তুগালেও ছড়িয়ে পড়েছে। ইতালির মিলানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া হয়েছে। অন্যদিকে পর্তুগালের রাজধানী লিসবনে তাঁবু খাটিয়ে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা।গত শনিবার মিলানের কেন্দ্রস্থলে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে একটি মিছিল শান্তিপূর্ণভাবে শুরু হয়।
তবে পরে মুখোশধারী বিক্ষোভকারীরা দাঙ্গা পুলিশের দিকে পাথর, রাস্তার পাকা ব্লকসহ বিভিন্ন বস্তু ছুড়তে থাকেন। তাঁরা রেস্তোরাঁর টেবিল দিয়ে তৈরি ব্যারিকেডেও আগুন ধরিয়ে দেন।বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে।
ঘটনার পরের ছবিতে ইতালির কারাবিনিয়েরি পুলিশের (জাতীয় সামরিক পুলিশ বাহিনীর) একটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়।ইতালির বার্তা সংস্থা লাপ্রেস জানিয়েছে, সংঘর্ষে অন্তত দুজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
সূত্র: প্রথম আলো