হামের প্রাদুর্ভাব মোকাবিলায় টিকা না পাওয়া ছয় মাস থেকে নয় বছর বয়সী শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার সুপারিশ করেছে যৌথ স্বাধীন মূল্যায়ন দল। সংক্রমণ ও টিকা না পাওয়া শিশুর সংখ্যা বেশি, এমন জেলাগুলোকে অগ্রাধিকার দিতে বলেছে দলটি। এই কার্যক্রম দুই সপ্তাহের মধ্যে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।
সুপারিশের মধ্যে আরও রয়েছে হামের প্রাদুর্ভাব কমাতে বাদ পড়া শিশু ও সংক্রমণ বেশি থাকা জেলাগুলোতে এখনই অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিতে হবে। নিয়মিত টিকার ক্ষেত্রে শিশুদের বয়সসীমা বাড়িয়ে পাঁচ বছর করা দরকার। হাম–রুবেলার টিকার পরবর্তী জাতীয় ক্যাম্পেইনের পরিকল্পনা ঠিক সময়ে করতে হবে।দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় এ রকম একগুচ্ছ সুপারিশ করেছে যৌথ স্বাধীন মূল্যায়ন দল।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ও টিকায় প্রতিরোধযোগ্য রোগ নজরদারি পর্যালোচনার অংশ হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ৭০ সদস্যের যৌথ স্বাধীন মূল্যায়ন দল এসব সুপারিশ করেছে।
সূত্র: প্রথম আলো