‘ভালো করে বাজাও, আমি গান করব, আরতি দেব, নাচব।’ বাদ্যযন্ত্রীদের উদ্দেশ্যে এ কথা বলেই দর্শকসারি থেকে উঠে দুর্গাপ্রতিমার সামনে আরতি দিতে যান অর্চনা রানী। এর মধ্যে মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। উপস্থিত লোকজন তাঁকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের নামাপাড়া দুর্গামন্দিরে এ ঘটনা ঘটে।
অর্চনা রানীর বাড়িও ওই গ্রামে।ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছে প্রথম আলো। অর্চনা রানীর প্রতিবেশী মালা রানী বলেন, ‘অর্চনা রানী মন্দিরে বসে আরতি উপভোগ করছিলেন। একপর্যায়ে বাদ্যযন্ত্রীদের উদ্দেশে তিনি বলেন ‘ভালো করে বাজাও। আমি গান করব, আরতি দেব, নাচব।’ এরপর আরতি দিতে গিয়ে একপাক ঘুরতেই মাটিতে লুটিয়ে পড়েন অর্চনা।’একই রকম বর্ণনা দেন আরেক প্রতিবেশী জগদীশ রায়।
অর্চনা রানী প্রতিবছর দুর্গোৎসবে আরতি দিতেন বলে তিনি জানান।অর্চনা রানীর স্বামী গোপাল চন্দ্র সরকার বলেন, তাঁর স্ত্রীর উচ্চ রক্তচাপজনিত সমস্যা ছিল।
সূত্র: প্রথম আলো