রাজধানীর বুকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়িগুলো অনিয়ন্ত্রিত ঘাতক যান ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির এক ভয়াবহ প্রতীকে পরিণত হয়েছে। পরিচ্ছন্নতা নিশ্চিত করার দায়িত্বে থাকা এই বর্জ্যবাহী যানগুলো কেড়ে নিচ্ছে নিরীহ মানুষের প্রাণ। ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত কয়েকজন শিক্ষার্থীসহ অন্তত ১৮ জন মানুষ প্রাণ হারিয়েছেন এই ময়লার গাড়ির নিচে চাপা পড়ে।
শিক্ষার্থীদের মৃত্যুর পর তীব্র আন্দোলন, তদন্ত কমিটি গঠন ও দু-একজন চালককে সাময়িক বরখাস্তের নাটক হলেও বাস্তবে প্রাতিষ্ঠানিক অরাজকতার অবসান ঘটানো যায়নি।এই মৃত্যুর নেপথ্যে রয়েছে চরম অপরাধমূলক অবহেলা ও অনৈতিক চর্চা। নথিপত্রে বরাদ্দপ্রাপ্ত স্থায়ী চালকেরা নিয়মিত সরকারি বেতন পকেটে পুরে অলস সময় কাটালেও রাজপথে ভারী গাড়ি চালানোর চাবি সঁপে দেওয়া হচ্ছে লাইসেন্সহীন বহিরাগত কিংবা অনভিজ্ঞ সহকারীদের হাতে।
সম্প্রতি সায়েদাবাদে ফিলিং স্টেশনে রাতে সরেজমিনে দেখা যায়, ভারী ময়লার গাড়ির স্টিয়ারিংয়ে বসে আছেন মাত্র ১০ হাজার টাকা বেতনে কাজ করা এক চুক্তিভিত্তিক সহকারী, যাঁর কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই।
সূত্র: প্রথম আলো