প্রয়াত সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর জীবন ও সংগীতযাত্রা নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা উচিত বলে মন্তব্য করেছেন গীতিকবি ও সংগীত প্রযোজক আসিফ ইকবাল। রোববার সন্ধ্যায় ঢাকার মগবাজারে চট্টগ্রাম মিউজিশিয়ানস ক্লাব ঢাকা, আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন ও তাঁর বন্ধুমহলের যৌথ উদ্যোগে আয়োজিত অষ্টম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আসিফ ইকবাল উল্লেখ করেন, চট্টগ্রামের রবিন থেকে গিটারসম্রাট হয়ে ওঠা, প্রথম অ্যালবামের ব্যর্থতা, সোলস ছেড়ে ২৮ বছর বয়সে নিজস্ব ব্যান্ড গঠন, ১৯৯২ সালে দেশের প্রথম ডাবল অ্যালবাম প্রকাশ, ২০১২ সালে সিসিইউ, সহশিল্পীদের সঙ্গে বিরোধ এবং ৫৬ বছর বয়সে অকালমৃত্যু—সব মিলিয়ে তাঁর জীবনের গল্পটি নিজেই একটি সিনেমার মতো। এ ছাড়া মানিক মিয়া অ্যাভিনিউতে ১৫ লাখ দর্শকের সামনে কনসার্ট করা এবং তরুণদের গিটার শেখানোর প্রতিষ্ঠান গড়ে তোলার মতো আইয়ুব বাচ্চুর দুটি অপূর্ণ স্বপ্নকেও চলচ্চিত্রের মাধ্যমে পর্দায় তুলে ধরা ও বাস্তবায়নের পথ তৈরি করা সম্ভব।
তিনি আরও জানান, এবি ফাউন্ডেশনের কাছে আইয়ুব বাচ্চুর প্রায় ২০০টি অপ্রকাশিত গান সংরক্ষিত আছে, যা চলচ্চিত্রের একটি বড় সম্পদ হতে পারে। অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা, শহীদ মাহমুদ জঙ্গী, পার্থ বড়ুয়া, পিলু খান, রফিকুল আলম, ফোয়াদ নাসের বাবু, আসিফ আকবরসহ সংগীত অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সূত্র: প্রথম আলো