মহা অষ্টমীর সকাল। মন্ত্রোচ্চারণ আর ঢাকের শব্দে মুখর ঢাকার নবাবগঞ্জের বর্ধনপাড়ার বড় পালবাড়ি সর্বজনীন দুর্গামন্দির প্রাঙ্গণ। দেবীর চরণে অঞ্জলি দিতে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন নারী-পুরুষেরা। কারও হাতে ফুল, কারও হাতে বেলপাতা।প্রায় ৩১০ বছরের পুরোনো এই মন্দিরে অষ্টমীর সকালে এসেছেন স্থানীয় ভক্তরা। সঙ্গে রয়েছেন ভারতের চন্দননগর ও কোচবিহার থেকে আসা অতিথিরাও।
তাঁদের অনেকের কাছে এখানে আসা কেবল পূজা দেখা নয়, ফেলে যাওয়া শিকড়ের কাছে ফেরা।আজ সোমবার সকালে মন্দিরে গিয়ে দেখা যায় অঞ্জলির জন্য নারী-পুরুষের দীর্ঘ সারি। সারিতে ছিল শৃঙ্খলা। অঞ্জলি শেষে অনেকেই নিজের ও পরিবারের মঙ্গল কামনা করেন। কেউ চান শান্তি ও সমৃদ্ধি, কেউ দেশ ও মানুষের কল্যাণ।ভারতের কোচবিহার জেলা থেকে নবাবগঞ্জের বর্ধনপাড়ায় এসেছেন যদুনাথ পাল ও তাঁর স্ত্রী হেনা পাল। পূর্বপুরুষের ভিটেমাটিতে তাঁরা ফিরলেন ৩৮ বছর পর।
সকালে অষ্টমীর অঞ্জলির সময় দুজনকেই প্রার্থনায় মগ্ন দেখা যায়।ভৌগোলিক দূরত্ব থাকলেও দুর্গাপূজার টান যে মানুষকে একই উৎসবের বন্ধনে যুক্ত করে, তারই প্রতিফলন দেখা গেছে মন্দির প্রাঙ্গণে।
সূত্র: প্রথম আলো