চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক সৌদিপ্রবাসীর বসতবাড়ির প্রবেশপথে বাঁশের বেড়া দিয়ে পরিবারের সদস্যদের চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতের এক নেতার বিরুদ্ধে। এর প্রতিবাদে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় লোকজন গতকাল রোববার সকালে এলাকায় মানববন্ধন করেন।প্রায় দুই সপ্তাহ আগে ওই বাড়ির প্রবেশপথে বেড়াটি দেওয়া হয়। তবে জামায়াতের ওই নেতার দাবি, যে জমিতে বেড়া দেওয়া হয়েছে, সেটি তাঁর পারিবারিক কবরস্থান।
জামায়াতের ওই নেতার নাম আবদুল হাই শিকদার। তাঁর বাড়ি উপজেলার গাজীরগাছখোলা গ্রামে। তিনি গাজীপুর মহানগর জামায়াতের কার্যকরী কমিটির সদস্য। মতলব উত্তরের ছেংগারচর পৌরসভা নির্বাচনে তিনি জামায়াতে ইসলামীর সম্ভাব্য মেয়র প্রার্থী। ভুক্তভোগী ব্যক্তির নাম মামুন মোল্লা। তাঁর বাড়িও গাজীরগাছখোলা গ্রামে। তিনি সৌদি আরবে থাকেন।
বাড়িতে তাঁর পরিবারের সদস্যরা থাকেন।পুলিশ, স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, প্রায় দুই সপ্তাহ আগে মামুন মোল্লার বাড়ির প্রবেশপথে বাঁশের বেড়া দেন আবদুল হাই শিকদার।
সূত্র: প্রথম আলো