ভারতের অন্ধ্র প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ওয়াইএসআর কংগ্রেস নেতা জগনমোহন রেড্ডি ‘অনুতপ্ত’। অনুতাপের কারণ, তাঁর দল ২০২৩ সালে নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগ–সংক্রান্ত বিল সমর্থন করেছিল। রোববার হায়দরাবাদে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে জগনমোহন বলেন, ওই বিল সমর্থন করাটা ছিল তাঁদের মস্ত বড় ভুল।
ওই ভুলের জন্য তাঁরা অনুতপ্ত।সাবেক মুখ্যমন্ত্রী বলেন, সময় এসেছে সিইসি ও ইসি নিয়োগ পদ্ধতি আইন নতুনভাবে বিবেচনা করার। আগের প্রথা অনুযায়ী দেশের প্রধান বিচারপতিকে নিয়োগ কমিটিতে ফিরিয়ে আনা প্রয়োজন। কারণ, নতুন আইনে নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনার ভারসাম্য হারিয়ে গেছে। তা সরকারের দিকে ঝুঁকে পড়েছে।
গণতন্ত্রের পক্ষে এটা শুভ নয়।প্রথা অনুযায়ী মুখ্য নির্বাচন কমিশনার ও দুই নির্বাচন কমিশনারের নিয়োগ কমিটিতে ছিলেন প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী নেতা ও দেশের প্রধান বিচারপতি।
সূত্র: প্রথম আলো