সাড়ে আট কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার খিরু নদীর ওপর নতুন সেতু নির্মাণ করা হলেও সংযোগ সড়কের কারণে তা ব্যবহার করা যাচ্ছে না। যে কারণে বাধ্য হয়ে তিন যুগ আগে নির্মিত ঝুঁকিপূর্ণ বেইলি সেতু দিয়ে যানবাহন চলছে। এই বেইলি সেতুর স্টিলের পাটাতন ভেঙে বড় বড় গর্ত তৈরি হওয়ায় যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে।স্থানীয় বাসিন্দারাও ঝুঁকির কারণে বেইলি সেতুর পরিবর্তে নতুন সেতু হেঁটে পার হন।
তবে নতুন সেতুতে উঠতে হয় মই বেয়ে, যা স্থানীয় বাসিন্দাদের জন্যও ঝুঁকি তৈরি করেছে।ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী বাজারসংলগ্ন খিরু নদীর ওপর নতুন এই সেতু ত্রিশাল ও ফুলবাড়িয়া উপজেলার যোগাযোগের অন্যতম মাধ্যম। সেতুর পাশে থাকা ফলক থেকে উল্লেখ রয়েছে, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ‘প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস’ (এসইউপিআরবি) প্রকল্পের আওতায় ৭০ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করা হচ্ছে।
এতে ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৬৮ লাখ টাকা।
সূত্র: প্রথম আলো