পরিবারে সচ্ছলতা আনতে গত বছরের মাঝামাঝি রাশিয়ায় যান মোহাম্মদ সাগর। একটি বেকারিতে চাকরি নেন। এরপর দালালের প্রলোভনে বেশি বেতনের আশায় যোগ দেন রুশ সেনাবাহিনীতে। গত মে মাসে তাঁকে পাঠানো হয় ইউক্রেন যুদ্ধে। এর পর থেকে পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ নেই। এর মধ্যে গত শনিবার সাগরের বন্ধু রাজন মুঠোফোনে একটি বার্তা পাঠান। এতে শুধু লেখা ছিল, ‘সাগর আর নেই’।এমন খবরে সাগরের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
বন্ধু রাজনের এই বার্তা ছাড়া ২৪ বছর বয়সী সাগর সত্যিই মারা গেছেন কি না, সেটি আর কোনোভাবে নিশ্চিত হতে পারেনি পরিবার। কখন, কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে তথ্যও অজানা।আবদুল আওয়াল, মোহাম্মদ সাগরের চাচাসাগর যখন রাশিয়ার বেকারিতে চাকরি ছেড়ে রুশ সেনাবাহিনীতে চাকরি করার কথা আমাকে জানায়, তখন আমি তাকে বারণ করেছিলাম। কারণ, সাগর লেখাপড়াই জানে না, সে বিদেশে সেনাবাহিনীতে চাকরি করবে কীভাবে?
ওই দেশে অবস্থান করা এক বাংলাদেশি দালাল তাকে ভুল তথ্য দিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সৈনিক হিসেবে যুক্ত করেছে।কুমিল্লার চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকার বাসিন্দা সাগর।
সূত্র: প্রথম আলো