অস্ত্র-কাণ্ডে সমালোচিত ইশরাক হোসেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ আশা করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘আজ মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলো। কিন্তু আইনশৃঙ্খলার জন্য যিনি প্রধানত দায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাঁকে কোনো ধরনের জবাবদিহির মধ্যে আনা হচ্ছে না।
দেশবাসী তাকিয়ে আছে স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন। কারণ, তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। যেটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ, তিনি সেটা করছেন না। তিনি সংবিধান নিয়ে ব্যস্ত আছেন।’আজ সোমবার রাজধানীর পূর্ব বাড্ডায় একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এ কথা বলেন। এর আগে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে শ্রী শ্রী পূর্ব বাড্ডা নিমতলা কালীমন্দির পরিদর্শন করেন তিনি।
এনসিপির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলটির ঘোষিত মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ দলের কেন্দ্রীয় ও মহানগর শাখার নেতারা নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন।নাহিদ ইসলাম বলেন, ‘ইশরাক হোসেন ফৌজদারি অপরাধ করেছেন।
সূত্র: প্রথম আলো