গ্রামবাসীকে নিয়ে মাদকাসক্ত ছেলে তোফায়েল আহমেদকে (২৬) পুলিশ ও প্রশাসনের হাতে তুলে দিয়েছেন খোকা মিয়া। পরে ভ্রাম্যমাণ আদালত ছেলেকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় আজ সোমবার এ ঘটনা ঘটে।প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মাদকাসক্ত ওই ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ ছিল পুরো পরিবার। কোনোভাবেই তাঁকে মাদক থেকে ফেরানো যাচ্ছিল না। ঘরে বসেই ইয়াবা সেবন করতেন।
আজ দুপুরে বাবা গ্রামবাসীকে নিয়ে ছেলেকে আটক করেন। পরে খবর দেওয়া হয় প্রশাসন ও পুলিশকে।পরে তোফায়েলকে উপজেলা পরিষদে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের কাছে তিনি দোষ স্বীকার করেন। একই সঙ্গে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম প্রকাশ করে তাঁদেরও শাস্তি চান তিনি।
ভ্রাম্যমাণ আদালত তোফায়েলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানার আদেশ দেন।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সকিনা আক্তার।
সূত্র: প্রথম আলো