দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারের শহরের হোটেল, গেস্টহাউস ও কটেজগুলোতে অতিথির চাপ থাকলেও উখিয়ার পাটুয়ারটেক সৈকতের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর পর মেরিন ড্রাইভ এলাকার রিসোর্ট-কটেজে পর্যটকদের উপস্থিতি কমেছে। বাঁশ ও কাঠের তৈরি এসব স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকে অনেক পর্যটক শহরের হোটেল বেছে নিচ্ছেন।হোটেলমালিকেরা বলছেন, টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর পর্যটক আসা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।
কিন্তু গত দুই দিনের সেই শঙ্কা কেটে গেছে। পর্যটকের ভিড় বেড়েছে। দুর্গাপূজা ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি মিলিয়ে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিনে কক্সবাজারে অন্তত ১০ লাখ পর্যটকের সমাগম হতে পারে। এ সময়ে পর্যটনসংশ্লিষ্ট খাতে ৯০০ থেকে ১ হাজার কোটি টাকার ব্যবসার আশা করছেন তাঁরা।১৭ অক্টোবর সকালে টুপটুপ রিসোর্টে আগুন লাগে। পরে সেখান থেকে ১০ জনের পোড়া মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে ওই দিন রাত ১১টার দিকে উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) আশীষ সূত্রধর ২৩ জনের বিরুদ্ধে মামলা করেন।
সূত্র: প্রথম আলো