মানুষের হয়ে পণ্যের দাম নিয়ে দর–কষাকষি, গ্রাহকের অভিযোগের সমাধান কিংবা চাকরির ক্ষেত্রে ভালো বেতনের প্রস্তাব আদায় করতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট। তবে এসব কাজ করতে গিয়ে এআই এজেন্ট যেন আইনি ও নৈতিক সীমা অতিক্রম না করে, তা নিশ্চিত করতে আইনজীবীদের পরামর্শ নেওয়ার উদ্যোগ নিয়েছে এআই প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যানথ্রপিক।
প্রতিষ্ঠানটি এমন ব্যবস্থা তৈরির সম্ভাবনা খতিয়ে দেখছে, যেখানে এআই এজেন্ট মানুষের প্রতিনিধি হিসেবে বিভিন্ন চুক্তি নিয়ে আলোচনা ও দর–কষাকষি করতে পারবে।এআই প্রযুক্তির উন্নতির ফলে এমন এক ভবিষ্যতের সম্ভাবনা তৈরি হচ্ছে, যেখানে একটি এআই এজেন্ট অন্য এআই এজেন্টের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিজ নিজ ব্যবহারকারীর পক্ষে সিদ্ধান্ত নিতে পারবে। এতে প্রতিটি পদক্ষেপে মানুষের সরাসরি অংশগ্রহণের প্রয়োজন কমে আসবে।
তবে দুই পক্ষের স্বার্থ রক্ষায় নিয়োজিত এআই এজেন্ট যখন নিজেদের ব্যবহারকারীর জন্য সবচেয়ে ভালো চুক্তি নিশ্চিত করতে চাইবে, তখন দর–কষাকষি জটিল হয়ে উঠতে পারে।
সূত্র: প্রথম আলো