দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটিতে পর্যটকের ভিড়ে মুখর হয়ে উঠেছে বান্দরবান। জেলা শহর ও বিভিন্ন উপজেলার হোটেল–মোটেল ও রিসোর্টের সব কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। প্রশাসন ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, করোনাভাইরাসের মহামারির পর এবারই প্রথম বান্দরবানের আবাসিক হোটেল–মোটেলগুলোয় শতভাগ বুকিং হয়েছে।আজ মঙ্গলবার সকাল থেকেই পর্যটনকেন্দ্রগুলোয় পর্যটকদের ব্যাপক আনাগোনা দেখা গেছে।
সকাল ১০টার দিকে জেলা শহরের মেঘলা ও নীলাচল পর্যটনকেন্দ্র এবং চাঁদের গাড়ির স্টেশনে গিয়ে দেখা যায়, ঢাকা, চট্টগ্রাম, রংপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকদের ভিড়।পর্যটনকেন্দ্রগুলোর কর্মীরা জানান, সাধারণত বিকেলের দিকে নীলাচল ও মেঘলায় পর্যটকদের ভিড় বাড়ে। এবার সকাল থেকেই পর্যটকেরা সেখানে আসছেন।
আগের দিন হোটেল–মোটেলে রাত যাপন করা পর্যটকেরা সকালে বিভিন্ন গন্তব্যে বেরিয়ে পড়েছেন।সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে চাঁদের গাড়ির স্টেশনে।
সূত্র: প্রথম আলো