শুরুটা ভালো করেও লড়াইটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মালদ্বীপ। সেই সুযোগে প্রথমার্ধেই ১৬–৫ গোলের ব্যবধান গড়ে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত পেরে ওঠেননি মালদ্বীপের মেয়েরা। ৩৩–২০ গোলে ম্যাচ জিতে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। পরশু বেলা তিনটায় ফাইনালে আবারও তাদের প্রতিপক্ষ ভারত।
তার আগে আজ বেলা দুইটায় চার জাতি এই টুর্নামেন্টে ব্রোঞ্জপদকের লড়াইয়ে নামবে মালদ্বীপ ও নেপাল।আগের ম্যাচেই ভারতের কাছে হেরেছে বড় ব্যবধানে। সেই হতাশা পেছনে ফেলে আজ পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে মালদ্বীপের মুখোমুখি হয় বাংলাদেশ। শুরুতে স্বাগতিকদের চাপে রাখার চেষ্টা করেছিল মালদ্বীপ; কিন্তু বাংলাদেশের একের পর এক পাল্টা আক্রমণে ভেঙে পড়ে তাদের রক্ষণই। মূলত গতির কাছেই হার মেনেছেন মালদ্বীপের মেয়েরা।
বাংলাদেশের ৩৩ গোলের মধ্যে আটটি করেছেন সানজিদা আক্তার।
সূত্র: প্রথম আলো