প্যান্ডেলজুড়ে পুজোর ব্যস্ততা। বাঁশের কাঠামো, কাঠের গুঁড়ো আর কারিগরদের কাজের মাঝেই নজর কাড়লেন জয়া আহসান। টকটকে লাল বেনারসিত, সোনালি জরির নকশা আর আধুনিক ড্রেপিংয়ে তাঁর সাজে মিলেছে উৎসবের আভিজাত্য ও নতুনত্ব। সংযত গয়না, সফট মেকআপ আর নিউট্রাল জুতোর সমন্বয়ে তৈরি হয়েছে এমন এক লুক, যা পুজোর সাজে হতে পারে অনুপ্রেরণা।প্যান্ডেল তৈরির ব্যস্ততার মাঝে জয়ার টকটকে লাল শাড়ি সহজেই নজর কাড়ে।
উৎসবের আবহে রঙের উজ্জ্বলতা যেন বাড়িয়ে দিয়েছে ছবির আবেদন।শাড়িজুড়ে কোনাকুনি সোনালি ডোরা, তার ভেতরে ছোট ছোট জরির নকশা। লহরিয়া ছাঁদের আভাসে শাড়িটি পেয়েছে আলাদা সৌন্দর্য।হালকা, কিছুটা স্বচ্ছ কাপড়ে সোনালি কারুকাজ। সরু পাড় আর আঁচলের ছোট ছোট ঝালর শাড়িতে যোগ করেছে কোমল, ছন্দময় চলন।শাড়ির ভাঁজ দিয়েই বুক পর্যন্ত মোড়ানো হয়েছে পোশাকটি। কাঁধ খোলা, স্ট্র্যাপলেস ধাঁচের এই পরার ধরন ঐতিহ্যবাহী শাড়িতে এনেছে আধুনিকতা।
শাড়ির সঙ্গে একই রঙের টাইট-ফিট পায়জামা।
সূত্র: প্রথম আলো