দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজন মারা গেছেন। সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাঁদের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৬ জন।মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ১৫ হাজার ৬১৭ জন। এর মধ্যে মারা গেছেন ৩৫৭ জন।
আর চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৩১৬ জন।সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪১৫ জন ডেঙ্গু নিয়ে ঢাকা বিভাগের (সিটি এলাকার বাইরে) বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ জন ভর্তি হয়েছেন বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে।
এ ছাড়া খুলনা বিভাগে ১৪১ জন, রাজশাহী বিভাগে ১২৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১০, চট্টগ্রাম বিভাগে ১০৫, ময়মনসিংহ বিভাগে ৮০, রংপুর বিভাগে ৭২ ও সিলেট বিভাগে ১১ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।এ বছর সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (দুই সিটির বাইরে) ১১ হাজার ১৫৩ জন।
সূত্র: প্রথম আলো