মরমি সাধক লালন শাহর স্মরণে তাঁর সাহিত্য ও দর্শন নিয়ে ভার্চ্যুয়ালি পাঠচক্রের আসর করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ১৭ অক্টোবর রাতে এটি অনুষ্ঠিত হয়।পাঠচক্রে লালন শাহর মানবতাবাদী দর্শন, অসাম্প্রদায়িক চেতনা, আত্ম–অনুসন্ধান এবং তাঁর গানের দার্শনিক তাৎপর্য নিয়ে আলোচনা করেন বন্ধুরা।
আলোচনায় বক্তারা বলেন, লালন শাহর গান ও দর্শন কেবল সংগীতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তাঁর চিন্তায় উঠে এসেছে মানুষে মানুষে ভেদাভেদ দূর করা, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং নিজের ভেতরের মানুষকে খুঁজে ফেরার আহ্বান। তাঁর সাহিত্য ও দর্শন বর্তমান সমাজেও সমানভাবে প্রাসঙ্গিক।বন্ধু মো. ইসনাইন বলেন, ‘লালন শাহর দর্শনের মূল শক্তি হলো মানুষকে মানুষ হিসেবে দেখা।
জাত, ধর্ম কিংবা সামাজিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষকে ভালোবাসার যে শিক্ষা তিনি দিয়েছেন, তা আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’বন্ধু মিশরী বলেন, লালন শাহর গান শুধু শোনার বিষয় নয়, বরং ভাবারও বিষয়।
সূত্র: প্রথম আলো