ভোরের কুয়াশা তখনো কাটেনি। বেগুনি ফুলে ছেয়ে থাকা খেতের ভেতর দিয়ে হাঁটতেই চোখে পড়ে থোকা থোকা শিম। কোথাও কৃষক শিম তুলছেন, কোথাও মাচা ঠিক করছেন। শীতের হাওয়া এখনো জেঁকে বসেনি। অথচ খেত থেকে আগাম শিম উঠে যাচ্ছে বাজারে। মৌসুমের শুরুতে আগাম শিম বাজারে তুলতে পেরে কোনো কোনো কৃষক প্রতি কেজি ১৫০ টাকা দাম পেয়েছেন।
তবে খেতে শিমের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে কমেছে দাম।ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ও পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামে এখন মাঠের পর মাঠ আগাম শিমের আবাদ। গত রোববার সকালে সদর উপজেলার বালিয়াখুড়ি ও পীরগঞ্জের চানগাঁও এলাকায় গিয়ে দেখা যায়, বেগুনি শিমফুলের ফাঁকে ফাঁকে কচি শিমের থোকা। কয়েকজন কৃষক খেতেই শিম বাছাই করে বস্তায় তুলছিলেন।
সরবরাহ আরও বাড়ার আগেই ভালো দামে শিম বিক্রি করে লাভ তুলে নেওয়ার চেষ্টা করছেন তাঁরা।কৃষকেরা বলছেন, অন্য ফসলের তুলনায় শিম চাষে খরচ কম, ফলনও আসে দ্রুত।
সূত্র: প্রথম আলো