পার্ক দে প্রিন্সেসে খেলা তখনও শুরু হয়নি। খেলোয়াড়রা টানেল দিয়ে মাঠে নামছিলেন। একটি গোলপোস্টের পেছনের গ্যালারিতে পিএসজি সমর্থকদের হাতে হাতে ভেসে উঠল বিশাল এক ‘তিফো’ (ব্যানার)। তাতে যে দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছিল তা বার্সেলোনার কোনো সমর্থকেরই ভালো লাগবে না।মুখোশ পরা এক ব্যক্তি করাত চালাচ্ছেন বার্সার ব্যাজে!
তিফোয় এই দৃশ্য ফুটিয়ে তোলার পাশাপাশি বার্সার জন্য একটি বার্তাও ছিল তার নিচে—‘ম্যাসাকার, প্যারিসিয়ান স্টাইল।’ বাংলায় এই কথার আক্ষরিক অর্থ ঠিক খেলার সঙ্গে যায় না, সেটা প্যারিসে চলমান সহিংস দাঙ্গার সঙ্গে হয়তো মানানসই। ফুটবল খেলা বিবেচনায় বাংলায় সেই বার্তাটির কাছাকাছি অর্থ হতে পারে, ‘নৃশংস ধংসযজ্ঞ চালাও প্যারিসীয় কায়দায়।’ছিল আতশবাজিও। তিফোয় মুখোশ পড়া ব্যক্তির করাত থেকে ছিটকে পড়া স্ফুলিঙ্গ বোঝাতে আতশবাজি পোড়ানো হয়।
ইএসপিএনকে সূত্র জানিয়েছে, সেই ব্যানারে ফুটিয়ে তোলা দৃশ্যপট ছিল ‘অত্যন্ত আক্রমণাত্মক ও আপত্তিকর।’ বার্সার অবশ্যই তা ভালো লাগার কথা নয়।
সূত্র: প্রথম আলো