ময়মনসিংহের ভালুকায় মাদক মামলার আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রাজৈ ইউনিয়নের সজনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।আহত দুই পুলিশ সদস্যকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তাঁরা হলেন ভালুকা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাহিদুল ইসলাম ও কনস্টেবল বাকিরুল ইসলাম।পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় মাদক মামলার আসামি আবদুল কদ্দুসকে গ্রেপ্তার করতে তাঁর গ্রামের বাড়ি সজনগাঁওয়ে অভিযান চালায় ভালুকা মডেল থানার পুলিশ। গ্রেপ্তারি পরোয়ানা রিকল (আদালতের জারি করা কোনো গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার) থাকায় আসামিকে ছেড়ে আসার সময় তাঁর পরিবারের সদস্যরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালান।
এতে ওই দুই পুলিশ সদস্য আহত হন।পরে খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করেন।
সূত্র: প্রথম আলো