ভারতের রাজস্থানে দশেরা উৎসবের দিন গতকাল মঙ্গলবার সকালে ১৩ বছরের যমজ ভাই বিনয় চৌধুরী ও বিষ্ণু চৌধুরীকে বাড়িতে দেখতে না পেয়ে বাড়ির লোকজন তাদের খুঁজতে বের হয়। আশপাশের লোকজনও তাঁদের সঙ্গে যোগ দেন।খোঁজাখুঁজি করতে গিয়ে স্থানীয় সময় সকাল ছয়টার দিকে বাড়ির পাশেই এক মাঠে দুই ভাইয়ের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশে খবর দেওয়া হয়।পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে।
প্রায় ছয় ঘণ্টা তদন্তের পর পুলিশ দুই ছেলেকে হত্যার অভিযোগে তাদেরই মাকে গ্রেপ্তার করেছে।ঘটনাটি ঘটেছে রাজস্থান রাজ্যের ডিগ জেলায়। গতকাল রাতে এ ঘটনা নিয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গ্রেপ্তার নারীর স্বামী কয়েক বছর আগে মারা গেছেন।
তার পর থেকে তিনি সন্তানদের নিয়ে বাবার বাড়িতেই বসবাস করছিলেন।সম্প্রতি প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে ‘ওই নারীর সম্পর্ক গড়ে ওঠে’ বলে জানায় পুলিশ।পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই নারীকে তাঁর আগের ঘরের সন্তানদেরসহ বিয়ে করতে রাজি হচ্ছিলেন না ওই ব্যক্তি।প্রেমিকের কাছ থেকে বারবার প্রত্যাখ্যাত হওয়ার কারণেই হয়তো ওই নারী সন্তানদের হত্যার সিদ্ধান্ত নেন বলে ধারণা পুলিশের।পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যপ্রমাণ থেকে ধারণা করা হচ্ছে, বাড়ির ভেতরেই ওই দুই কিশোরকে হত্যা করা হয়েছে।
সূত্র: প্রথম আলো