বাংলাদেশে বজ্রপাতে প্রাণহানির ঘটনা নতুন নয়
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক প্রতিবেদন অনুযায়ী, দেশে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগ ছিল বজ্রপাত। এ সময়ে বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড, বজ্রপাত, ভূমিকম্প ও পাহাড়ধসে মোট ২ হাজার ৫৩৩ জন মারা গেছেন। এর মধ্যে শুধু বজ্রপাতেই ১ হাজার ৫৩০ জনের মৃত্যু হয়েছে, যা মোট প্রাণহানির ৫৯ দশমিক ৫ শতাংশ। এছাড়া অগ্নিকাণ্ডে ৬৫৪ জন, বন্যায় ১৯৭ জন, পাহাড়ধসে ৯০ জন, ঘূর্ণিঝড়ে ৫২ জন এবং ভূমিকম্পে ১০ জন প্রাণ হারিয়েছেন।
প্রাণহানিতে বজ্রপাত শীর্ষে থাকলেও আর্থিক ক্ষতির দিক থেকে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে বন্যা। পাঁচ বছরে দুর্যোগে মোট ৪৩ হাজার ৮২৯ কোটি টাকার ক্ষতির মধ্যে বন্যায় হয়েছে ২৯ হাজার ৮৬০ কোটি এবং ঘূর্ণিঝড়ে ১১ হাজার ৭৩৬ কোটি টাকা। অন্যদিকে অগ্নিকাণ্ডে ২ হাজার ২০ কোটি, ভূমিকম্পে ১০৮ কোটি এবং বজ্রপাতে ১০৫ কোটি টাকার ক্ষতি রেকর্ড করা হয়েছে। বাংলাদেশে সাধারণত মার্চ থেকে বজ্রপাত বেড়ে মে মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এবং সিলেটসহ দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে এর প্রকোপ সবচেয়ে বেশি, যার শিকার প্রধানত কৃষকেরা।
দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহার নঈম ওয়ারা বলেন, বজ্রপাতে নিহতদের বড় অংশই দরিদ্র মানুষ এবং মানুষের চেয়ে তিন-চার গুণ বেশি গবাদিপশুর মৃত্যু হয়। তিনি বজ্রপাতে আহতদের চিকিৎসা প্রটোকল তৈরি, গ্রামীণ মাঠ ও বাড়ি সুরক্ষিত করা এবং নির্বিচারে গাছ কাটা বন্ধ করার ওপর জোর দেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।