নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চার নেতাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ জানায়, তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের অনশন কর্মসূচিতে অংশ নেন। গতকাল বৃহস্পতিবার রাতে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদল। গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল দলের উপস্থিতিতে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা ছাত্রলীগের বিভিন্ন পদে থাকার বিষয়টি স্বীকার করেছেন।
আটক হওয়া চারজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ফেরদৌস খান, অমর একুশে হলের সাবেক সহসভাপতি একরাম গাজী হৃদয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আশরাফুল হক হল শাখার সাবেক উপসাধারণ সম্পাদক মো. হাবিবুল ইসলাম এবং একই হলের সাবেক শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মনিরুজ্জামান মনির। গত বুধবার বিকেল থেকে গেজেটবঞ্চিতরা সেখানে অনশন করছিলেন।
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন জানান, অনশনে নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতারা অংশ নিচ্ছেন খবর পেয়ে তাঁরা যান এবং পরে পুলিশ তাঁদের তুলে নেয়। নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামাল উদ্দিন জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় নেওয়া হয়েছে এবং যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।