শেখ হাসিনা
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় মো. হোসেন নামের মালবাহী ট্রাকের এক চালককে হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে শুনানি শেষে ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন।
একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৫ নভেম্বর তারিখ নির্ধারণ করেন।বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আনিসুর রহমান। তিনি বলেন, ৩৪ জন আসামির মধ্যে শুরু থেকে ২২ জন পলাতক রয়েছেন। কারাগার থেকে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ ৯ জনকে উপস্থিত করা হয়েছে। জামিনে থেকে দুজন আদালতে হাজিরা দেন।
এ ছাড়া মুহাম্মদ বদিউল আলম ওরফে বদিউজ্জামান অন্য মামলায় কারাগারে আটক থাকায় আদালতে উপস্থিত করা হয়নি।এদিকে আসামিদের পক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী, ফারজানা ইয়াসমিন রাখী, আহসান হাবীব, খায়রুল ইসলাম, তরিকুল ইসলামসহ অনেকেই তাঁদের অব্যাহতি চেয়ে শুনানি করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।