বজ্রপাতে নিহত ছয়জনকে মালঞ্চি ইউনিয়নের স্থানীয় বাসুদেবপুর কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়। পাবনা সদর, ৩১ অক্টোবর ২০২৬
পাবনা জেলা সদরের মালঞ্চি ইউনিয়নের বাসুদেবপুর কবরস্থান। পাশাপাশি ছয়টি নতুন কবর। দাফনের পর কেউ কেউ এসে জিয়ারত করছেন। কেউ আবার দাঁড়িয়ে একনজর দেখছেন। এর আগে কখনো ওই এলাকায় একসঙ্গে এত জনের দাফন হয়েছে কি না, তা স্মরণ করতে পারছেন না কেউ। কবরস্থানের কাছে কথা হয় স্থানীয় বাসিন্দা রুদ্র মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক।
একসঙ্গে ছয়জনের লাশ দাফন এই প্রথম দেখলাম।’ গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মালঞ্চি ইউনিয়নের ঝপঝপিয়া গ্রামের সোনাপাতিল বিলে শখের বসে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এই ছয়জনের মৃত্যু হয়। আজ শনিবার সকাল ১০টার দিকে ছয়জনকেই স্থানীয় বাসুদেবপুর কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।
মারা যাওয়া ছয়জন হলেন মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা গ্রামের রবিউল ইসলামের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রুবেল হোসেন (২২), শাজাহান আলীর ছেলে মিজান হোসেন (১২), সুজন ইসলামের ছেলে সাজিদ ইসলাম (১০), শাহাদুল ইসলামের ছেলে মো. আবদুল্লাহ (১৮) ও ইবাদত প্রামানিকের ছেলে ইমন প্রামানিক (১৪)।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।