গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যোগদানের পর এক ব্যক্তিকে গ্রেপ্তারের খবরে এলাকায় মাইকিং করা হয়। এরপর নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে থানা ঘেরাও করেন এবং ব্যাপক ভাঙচুর চালিয়ে পুলিশের নয়টি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।
বুধবার সকালে থানার ভেতরে বিভিন্ন আসবাব, কম্পিউটার ও যানবাহনের পোড়া ধ্বংসাবশেষ দেখা গেছে। এমনকি একটি গাড়ির ধ্বংসাবশেষ থেকে তখনো ধোঁয়া উড়ছিল। এছাড়া গোপালগঞ্জ-পাটগাতী সড়কের নীলফা বাজার এলাকায় বিজিবির তিনটি পোড়া গাড়ি পড়ে থাকতে দেখা যায় এবং সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়। সকালে পুলিশ সদস্যদের মালামাল গুটিয়ে থানা ছাড়তেও দেখা গেছে।
থানায় হামলা এবং সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের পর গোপালগঞ্জ জেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে জেলায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।