জব্দ করা মাদক ও মাদকের সরঞ্জাম
দেশে মাদকবিরোধী অভিযানে লাখ লাখ মামলা দায়ের হলেও এর নেপথ্যের অর্থদাতা ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হার অত্যন্ত সীমিত। গত এক যুগে ১০ লাখের বেশি মাদক মামলায় প্রায় ১৩ লাখ আসামি হলেও অবৈধ অর্থ ও সম্পদের সন্ধানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) মানি লন্ডারিং মামলা করেছে মাত্র ৪৮টি। অথচ ডিএনসির গোয়েন্দা তালিকায় দেশজুড়ে ২৩ হাজার ৩৬ জন মাদক গডফাদারের নাম রয়েছে এবং রাজধানীতেই এই সংখ্যা অন্তত ৪০০।
সিআইডির ৩৯টি মানি লন্ডারিং মামলায় ১১৬ আসামির প্রায় ১৮২ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব মামলায় গ্রেপ্তার ৩৪ জনের মধ্যে ২০ জনই জামিনে মুক্ত। অন্যদিকে ডিএনসির ৯টি মামলার মধ্যে চারটিতে ১০০ কোটি ৩৮ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। সিআইডি প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোছাইন জানান, ‘মাদকের গডফাদারদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে তদন্তে সার্বিকভাবে আমাদের সক্ষমতার ঘাটতি ছিল। তবে নতুন করে কাজ শুরু করেছি। শিগগিরই এসব গডফাদারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ দেখতে পাবেন।’
তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মাদক কারবারিরা কৌশল বদলে লেনদেন করায় ব্যাংক হিসাব ও অপরাধলব্ধ সম্পদের সুনির্দিষ্ট যোগসূত্র প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়ে। এ ছাড়া সংস্থাগুলোর সীমাবদ্ধতা ও তদন্ত গভীরে না পৌঁছানোর কারণে মাদক বাণিজ্যের মূল পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনা যাচ্ছে না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।