আসামে আগেও জায়গা দখলমুক্ত করার নামে বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তবে এসব ক্ষেত্রে সংখ্যালঘু মুসলিমদের নিশানা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ১৮ জুলাই ২০২৫, গোয়ালপাড়া
ভারতের আসামের গোলাঘাট, হোজাই ও নগাঁও জেলায় ব্যাপক উচ্ছেদ অভিযান চালিয়ে এক সপ্তাহের মধ্যে ৬৩৮ হেক্টরের বেশি সরকারি বনভূমি দখলমুক্ত করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকার। মুখ্যমন্ত্রী একে প্রশাসনের উন্নয়নের ‘রুদ্র রূপ’ বলে উল্লেখ করেছেন। সরকারি হিসাবে তিনটি জেলা মিলিয়ে প্রায় এক হাজার পরিবার উচ্ছেদ হয়েছে, যার সিংহভাগই বাঙালি মুসলিম। এর মধ্যে গত রোববার নগাঁওয়ের লুতুমাই সংরক্ষিত বনাঞ্চলেই এক দিনে ৩১৪ হেক্টর জমি দখলমুক্ত করা হয়, যাতে ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৫৫০টি পরিবার।
বন বিভাগের দাবি, আদালতের নির্দেশ মেনেই এ প্রক্রিয়া চালানো হয়েছে এবং গত আগস্টে মাইকিং করায় প্রায় ৯০ শতাংশ দখলদার আগেই স্বেচ্ছায় এলাকা ত্যাগ করেন। তবে অল আসাম মাইনরিটিজ স্টুডেন্টস ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন ও সামাজিক যোগাযোগমাধ্যমের দাবি, অভিযানে এক হাজার একশর বেশি পরিবারের বাড়িঘর ও বেশ কয়েকটি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। ছাত্রসংগঠনটির অভিযোগ, ১৯৭৩ সালে সরকার কর্তৃক সাময়িকভাবে পুনর্বাসিত পরিবারগুলোর ওপর পক্ষপাতমূলক আচরণ করে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে নিশানা করা হচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।