advertisement
advertisement

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও নিউজিল্যান্ড সফরে উপেক্ষিত মোহাম্মদ শামি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১:১৬ অপরাহ্ণ
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও নিউজিল্যান্ড সফরে উপেক্ষিত মোহাম্মদ শামি

জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না শামি

advertisement

ঘরোয়া ক্রিকেটে বল হাতে উজ্জ্বল পারফরম্যান্স দেখানোর পরও নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ঘোষিত ভারতের ১৫ সদস্যের দলে জায়গা পাননি মোহাম্মদ শামি। গতকাল রাতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঘোষিত এই দলে এক বছরের বেশি সময় পর আকাশ দীপ জায়গা পেলেও ব্রাত্যই থেকে গেছেন অভিজ্ঞ এই পেসার। অজিত আগারকার প্রধান নির্বাচকের দায়িত্ব ছাড়ার পর প্রজ্ঞান ওঝার নেতৃত্বাধীন নতুন কমিটি আসায় শামির ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হলেও শেষ পর্যন্ত ৪৬২টি আন্তর্জাতিক উইকেটের মালিক এই তারকাকে বিবেচনায় নেওয়া হয়নি।

সর্বশেষ ২০২৩ সালের জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লাল বলের ক্রিকেট খেলা শামি অবশ্য ঘরোয়া ক্রিকেটে নিয়মিত উইকেট নিচ্ছেন। ২০২৫-২৬ রঞ্জি ট্রফিতে বেঙ্গলের হয়ে সাত ম্যাচে ১৬.৭২ গড়ে ৩৭টি উইকেট শিকার করেছিলেন তিনি। এমনকি চলতি আসরের প্রথম ম্যাচেও দিল্লির বিপক্ষে ৫ উইকেট নিয়ে নিজের কার্যকারিতা দেখিয়েছেন। তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন তোলা সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আমার ফিটনেস দেখতে পাচ্ছেন। সেটা লিখুন। আপনারা তো আমাকে দেখছেন। আমি কী বললাম, তাতে কী হবে? আমি মাঠে আছি। খেলছি। যেখানে খেলার সুযোগ পাচ্ছি, সেখানেই খেলছি। আমার কাজ শুধু বোলিং করে যাওয়া।’

বয়স ৩৬ হওয়ায় এবং অতীতের চোটের ইতিহাসের কারণে টেস্টে দীর্ঘ স্পেল বল করার ধকল বিবেচনা করে নির্বাচকেরা দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে তাঁকে বাইরে রাখছেন বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি ভুবনেশ্বর কুমার দলে ফিরলেও তা ছিল ধকল কম থাকা সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটের জন্য, যার পেছনে ছিল আইপিএলের দুই মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে চ্যাম্পিয়ন করার পথে ৪৫ উইকেট পাওয়ার অবদান। টেস্ট দলে পেসারদের তুমুল প্রতিযোগিতার মাঝে শামির জাতীয় দলের দরজা আপাতত বন্ধই প্রতীয়মান হচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর