কুড়িয়ে পাওয়া টাকা প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়ার জন্য শুক্রবার দিনভর নরসিংদীর ঘোড়াশালে মাইকিং করেছেন পোশাকশ্রমিক কবির মিয়া (বায়ে)
এক মাস আগে বিকেলে কর্মস্থল থেকে ফেরার পথে সড়কে বেশ কিছু টাকা পড়ে থাকতে দেখেন পোশাকশ্রমিক কবির মিয়া। টাকাগুলো কুড়িয়ে নিয়ে সেদিন রাত ৯টা পর্যন্ত এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মালিকের খোঁজ করেন। এরপর প্রতিদিন কর্মস্থলে যাওয়া–আসার পথে অটোরিকশাচালক, কারখানার শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের কাছে জানতে চান, কেউ টাকা হারিয়েছেন কি না।
এত চেষ্টার পরও প্রকৃত মালিকের সন্ধান পাননি কবির মিয়া।গতকাল শুক্রবার পর্যন্ত মালিকানা দাবি করে কেউ টাকাগুলো নিতে আসেননি। শেষ চেষ্টা হিসেবে এক হাজার টাকা খরচ করে ঘটনাস্থল ও আশপাশের কয়েকটি এলাকায় মাইকিং করিয়েছেন কবির মিয়া। মাইকিংয়ে বলা হয়, ‘গত মাসে অক্টোবরের তিন তারিখ রোজ শনিবার ঘোড়াশাল থেকে দৃষ্টিনন্দন ও ফকিরার রাস্তা ধরে আসার পথে বেশ কিছু টাকা পাওয়া যায়। সঠিক তথ্য দিয়ে টাকাগুলো নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।
যোগাযোগের ঠিকানা: পূর্ব হাসনহাটার মরহুম সাহাজউদ্দিনের বাড়ির জামে মসজিদের ইমাম সাহেবের সঙ্গে।’ এ সময় নিজের মুঠোফোন নম্বরও প্রচার করেন কবির মিয়া।গতকাল দিনভর নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন ও ঘোড়াশাল পৌরসভার বিভিন্ন সড়কে এ মাইকিং করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।