সাঁওতাল সম্প্রদায়ের নাচ। আজ দুপুরে খাগড়াছড়ির পানছড়ির বড় সাঁওতালপাড়ায়
পরনে সাদা ধুতি ও জামা। কানে গুঁজে রাখা হয়েছে ফুল। গান ও মাদলের তালে তালে নাচছেন একদল পুরুষ। নাচ-গান শেষ হতেই তাঁদের ঘিরে থাকা দর্শকদের উচ্ছ্বাস। উপহার হিসেবে পানীয়, টাকা, চালসহ নানা ফলমূল তুলে দেওয়া হচ্ছে তাঁদের কাছে। আজ শুক্রবার দুপুরে পানছড়ির বড় সাঁওতালপাড়ায় গিয়ে দেখা যায় এই চিত্র। প্রতিবছরই দুর্গাপূজায় পাড়াটিতে দেখা যায় ‘দাসাই’ নাচের এমন আসর। এবারও তার ব্যতিক্রম হয়নি।
নাচ পরিবেশনকারী দলের সদস্যরা জানান, দুর্গাপূজাসহ বিভিন্ন মাঙ্গলিক উৎসবে পাড়ায় পাড়ায় গিয়ে তাঁরা এই নাচ করেন। তবে এর আগে নাচ আর পূজা করেন নিজেদের পাড়ায়।সরেজমিনে দেখা যায়, একটি গৃহস্থবাড়ির উঠানে মাদলের তালে তালে চলছে নাচ।
এর সঙ্গে পরিবেশিত হচ্ছে গান—‘আতো গাতি কুরি কোড়া, মায়া জালাং ছাড়া কিদেই, মায়া জালাং ছাড়া কিদেই, ইনদ ভেদ কান বোঙ্গা দেউড়ে।’ অর্থাৎ ‘গাঁয়ের যত যুবক-যুবতী, আটকা ছিলাম মায়ায় তাদের, এখন আমার যাওয়ার পালা, ছিঁড়ল মায়া।’ ওই উঠানে নাচ পরিবেশন শেষ করেই অন্য বাড়ির দিকে এগিয়ে যান নাচের দলের সদস্যরা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।